এসএসসি পরীক্ষায় দীর্ঘদিন ধরে তুলনামূলক উচ্চ পাসের হারের পর দুই বছর ধরে ফলাফল কিছুটা নিম্নমুখী দেখা যাচ্ছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার আরও কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।
ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া আটটি সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজিতে পাসের হার ৮০ শতাংশের নিচে। গণিতেও কয়েকটি বোর্ডে ফল তুলনামূলক ভালো হয়নি। দুটি বিষয়ই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রভাব সরাসরি পড়েছে সার্বিক পাসের হারে।
এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিভাগের দুর্বল ফল। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখের বেশি, অথচ পাসের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় অনেক কম। ফলে মানবিক বিভাগের ফলও সামগ্রিক পাসের হার নিম্নমুখী হওয়ার বড় কারণ।