নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। গতপরশু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দীর্ঘদিন টানা খেলার মধ্যে থাকায় মুস্তাফিজ ও তাসকিনের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ হিসেবে যোগ করা হয়েছে সাকলাইনকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।

প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানালেন, টি-টোয়েন্টিতে নতুন কয়েকজনকে পরখ করে দেখার ভাবনা থেকেই মূলত দলে নেওয়া হয়েছে তাদের। বিসিবির ভিডিও বার্তায় হাবিবুল বললেন, নতুনদের পরখ করে দেখতেই তাসকিন-নাহিদদের বিশ্রাম দেওয়া হয়েছে, ‘অবশ্যই আমরা টি-টোয়েন্টিতে কিছু নতুন মুখ দেখতে চেয়েছি। এই জন্যই নাহিদ রানা, তাসকিনকে বিশ্রাম দিয়েছি। আর ওয়ানডে ম্যাচের পর নাহিদের অবশ্যই বিশ্রামের প্রয়োজন টেস্ট ম্যাচের আগে। টি-টোয়েন্টিতে আমরা কিছু নতুনকে পরখ করব, সেই ভাবনাতেই আসলে তাদের দলে নেওয়া।’

বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলাইনের উপযোগী বোলিং এবং শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ের সামর্থ্য নজর কেড়েছে নির্বাচকদের। টেপ টেনিস থেকে দেশের ক্রিকেটের মূল ¯্রােতে উঠে আসেন সাকলাইন। পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়ে বড় শট খেলার সামর্থ্য আছে তার। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ বোলিংয়ে নজর কাড়েন তিনি। ফাইনালে পাকিস্তান শাহিনসের বিপক্ষে শেষের আগের ওভারে তার দুটি ছক্কা ও রিপনের সঙ্গে শেষ উইকেট জুটিতে ম্যাচ ‘টাই’ করে বাংলাদেশ ‘এ’ দল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন সাকলাইন। ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৬.৬৬ করে। চার উইকেট পেয়েছেন একবার। ব্যাটিংয়ে ১৩৪.৩২ স্ট্রাইক রেটে রান করেছেন ৯০, সর্বোচ্চ ৩২।

পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশের হাহাকার বহু দিনের। মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়ে দেশের ক্রিকেটের আশা ছিল অনেক। কিন্তু চোটের জন্য প্রায়ই বাইরে থাকতে হয় তাকে। ২৮ বছর বয়সী সাকলাইনকে দিয়ে সেই ঘাটতি পূরণের আশা প্রধান নির্বাচকের, ‘আমরা একজন (পেস) বোলিং অলরাউন্ডার খুঁজছি। তিনি (সাকলাইন) আমাদের সেই বিকল্প হতে পারেন। সেই চিন্তা-ভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করি, ভবিষ্যতে বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা, সেটা পূরণ করতে পারবেন তিনি। সম্প্রতি ভালো ফর্মে আছেন। আশা করি, তার সেই ফর্ম আমরা কাজে লাগাতে পারব।’

সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মন্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। গত বছরের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল সুপার ওভারে হেরে গেলেও, পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে রিপন ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। একের পর এক ইয়র্কার নিখুঁতভাবে করে নজর কেড়েছিলেন তিনি। সেই ফর্ম পরে বিপিএলেও বয়ে আনেন রিপন। দারুণ বোলিংয়ে আসরে প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার ‘ম্যান অব দা ম্যাচ’ হওয়ার নজির গড়েন তিনি।

রাজশাহীর হয়ে আট ইনিংসে ওভারপ্রতি ৮.৫৩ করে রান দিয়ে ১৭ উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, হাই পারফরম্যান্স স্কোয়াড, ইমার্জিং দল, ‘এ’ দল, নানা পর্যায়েই তাকে খেলানো হয়েছে বিভিন্ন সময়ে। এখন পর্যন্ত ৩৬ টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৮.১১ করে রান দিয়ে রিপন নিয়েছেন ৫৯ উইকেট। চার উইকেট নিয়েছেন তিনবার। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি। রিপনকে নিয়েও আশার কথা শোনালেন হাবিবুল, ‘রিপন মন্ডল ভালো করছিলেন, করছেন। আমরা মনে করছি, শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে উইকেট নেওয়ার তার যে সামর্থ্য আছে, সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী ও উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।

চট্টগ্রামের বীরশ্রষ্ঠে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল। একই মাঠে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দুই দল ফিরবে ঢাকায়। ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews