বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জাপান শিবির। পায়ের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ অধিনায়ক ও ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। চোটের এই নিষ্ঠুর আঘাতে শুধু বিশ্বকাপই শেষ হয়ে যায়নি, আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের জার্সি তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। মাঠের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে দলনেতাকে হারানো ব্লু সামুরাইদের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এন্দো, যার ফলে এমন কঠিন ও আবেগঘন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
অধিনায়কের আচমকা বিদায়ে শূন্যতা পূরণে দ্রুতই বিকল্প বেছে নিয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। এন্দোর পরিবর্তে বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে তড়িঘড়ি করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখার বিষয়, প্রিয় অধিনায়কের বিদায়ের ধাক্কা সামলে মাচিনোকে সাথে নিয়ে মাঠের লড়াইয়ে কতটা প্রতিরোধ গড়তে পারে সূর্যোদয়ের দেশটি।
বিডি প্রতিদিন/এনএইচ