চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরল্যাংড়ার মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহত মরিয়ম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে যান তাদের দুই মেয়েকে প্রাইভেট পড়াতে। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। ফলে রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় জিডি করেন। এদিকে গতকাল সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেলের বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। সুমিই ৯৯৯-এ ফোন করেছিলেন। পরে পুলিশ রুবেল ও সুমিকে আটক করে। পুলিশ সুপার আরও বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। কারণ, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এক স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের দুটি স্বর্ণের দুল উদ্ধার করেছে। সোমবার ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতে মাকে খুঁজে না পেয়ে রুবেলের বাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় তারা জানান প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন। এদিকে স্থানীয়রা জানান, সুমির বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর একাধিক অভিযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews