পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে দেশের কয়েকটি ব্যাংক শাখা। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ খোলা থাকা শাখাগুলোতে দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির কারণে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় কিছু নির্দিষ্ট এলাকার শাখা খোলা রাখা হচ্ছে।

যেসব এলাকার ব্যাংক শাখা খোলা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী-ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো গতকাল ২৫ মে এবং আজ ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।

বন্দর এলাকায় ২৪ ঘণ্টা সেবা সার্কুলারে আরও জানানো হয়, দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও (শুধুমাত্র ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, ঈদের ছুটির দিনে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, তারা বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা বা প্রণোদনা প্রাপ্য হবেন।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews