আড়ম্বরের প্রলোভন থেকে সাবধান থেকো। সবচেয়ে জোরে শোনা যায় যে কণ্ঠ, সেটাই সব সময় সত্য নয়। একটি বিবেক, সেটা ফিসফিস করে বললেও সঠিক হতে পারে। গতি ও অগ্রগতিকে এক করে ফেলো না, আর কোমলতাকে দুর্বলতা ভেবো না। ধ্বংস করা সহজ, কিন্তু গড়তে শক্তি লাগে। তোমরা কি দানবীয় না হয়েও শক্তিশালী হতে পারো? বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা এক নয়। প্রজ্ঞা ভিন্ন প্রশ্ন করে—‘এটি কি করা সম্ভব’, তা নয়; বরং ‘এটি কেমন পৃথিবী তৈরি করবে?’
তোমাদের ফেরেশতা বা দেবদূত হতে হবে না, শুধু হতে হবে বিশ্বাসযোগ্য মানুষ। কম ঘৃণা করবে, দ্রুত মেরামত করবে, দুর্বলদের রক্ষা করবে, আর বিস্মিত হওয়ার ক্ষমতা ধরে রাখবে। মাঝেমধ্যে আকাশের দিকে তাকাও, তারারা সেখানে তোমাদের তোষামোদ করার জন্য নয়; বরং মনে করিয়ে দিতে যে ক্ষুদ্রতা ও তাৎপর্য একই সঙ্গে টিকে থাকতে পারে।
এখনো সময় আছে, অসীম সময় নয়, কিন্তু যথেষ্ট সময়। তোমরা কেমন পূর্বপুরুষ হয়ে উঠবে, তা ঠিক করে নেওয়ার জন্য এই সময়টুকু যথেষ্ট।