রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণের ভিত্তিতে নয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা দুঃখজনক ও অনভিপ্রেত। কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি রাজনৈতিক দলকে দায়ী করা দায়িত্বশীল আচরণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামী দাবি করে, তারা সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews