ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। ছুরি, চাপাতি, দা, কুড়াল, ছোট রামদা থেকে শুরু করে চাইনিজ কুড়াল পর্যন্ত যত্রতত্র বিক্রি হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার ও নতুনবাজার ঘুরে দেখা গেছে, কোরবানির মৌসুমকে ঘিরে বাজারে বেড়েছে এসব অস্ত্রের বেচাকেনা। স্থায়ী দোকানের পাশাপাশি ফুটপাতেও পসরা সাজিয়ে বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতার কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই যে কেউ এসব অস্ত্র কিনতে পারছেন।

কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, কোরবানির সময় চাহিদা বেশি থাকায় তারা বিভিন্ন ধরনের ছুরি-চাকু ও ধারালো সরঞ্জাম রাখেন। তবে এগুলো কারা কী কাজে ব্যবহার করবে, তা তাদের জানা সম্ভব নয়।

এদিকে সচেতন মহলের আশঙ্কা, কোরবানির প্রয়োজনের সুযোগে এসব অস্ত্র কিশোর গ্যাংসহ অপরাধীদের হাতেও চলে যেতে পারে। এতে চুরি, ছিনতাই বা সহিংস ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য নাহিদ আহমেদ সুয়েব বলেন, কোরবানির সময় ধারালো অস্ত্রের এমন সহজলভ্যতা উদ্বেগজনক। কারা এসব কিনছে, তা তদারকি না থাকলে অপরাধমূলক কাজে ব্যবহারের ঝুঁকি থেকেই যায়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, বাজারে কী ধরনের অস্ত্র বিক্রি হচ্ছে এবং সেগুলো কারা কিনছে- বিষয়টি পুলিশ নজরদারির আওতায় আনবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews