গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন আমি তার অমর্যাদা করব না।
রোববার (৮ মার্চ) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, আমাকে ঢাকা শহর গিয়ে খুঁজে বের করে আপনাদের এলাকার সমস্যার কথা বলতে হবে না। আমি আপনাদের কাছে এসে সমস্যার কথা শুনবো এবং সংসদে গিয়ে সেগুলো বলব। শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ রাখব না, বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। ইতোমধ্যে আমি এলাকা ঘুরে ঘুরে উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুধু আমার ওপর আস্থা রাখুন।
তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশ দিয়েছে। আপনাদের এলাকায় যে যে উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে আমার কাছে জমা দেন। আমি স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির ও গির্জা সবদিকে লক্ষ্য রাখছি।
আরও পড়ুন
আরও পড়ুন জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

জিলানী বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়ে তুলব।
উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।