ফুটবল মানেই এক অদ্ভুত উন্মাদনা, এক পশলা সবুজ ঘাসের বুকে কোটি হৃদয়ের স্পন্দন। আর সেই স্পন্দনের পারদ যখন চূড়ায় পৌঁছায়, বুঝতে হবে চলে এসেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ-ফিফা বিশ্বকাপ ২০২৬। আর মাত্র হাতেগোনা কয়েক ঘণ্টা, তার পরই বেজে উঠবে বিশ্বজয়ের দামামা। তবে এবার কেবল ফুটবল নয়, মঞ্চস্থ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। নতুন ফরম্যাট, বাড়তি দল আর উত্তর আমেরিকার বিশাল ক্যানভাসে এবার বিশ্বকাপ ভাঙতে চলেছে অতীতের সব চেনা সীমানা।

মরুর বুকে গত আসরের চেনা আবহ পেরিয়ে এবার বিশ্বকাপ পা রাখছে মহাসমুদ্রের বিশালতায়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এ আসরের নাম, কারণ এবারই প্রথম ৩২-এর বৃত্ত ভেঙে বিশ্বকাপের আঙিনায় পা রাখছে ৪৮টি দেশ। ১৯৯৮ সালের পর আবার বদলাল বিশ্বমঞ্চের অবয়ব। ৩৯ দিনের এ দীর্ঘ ফুটবল মহাযজ্ঞে তিনটি দেশের ১৬টি স্টেডিয়ামে বল গড়াবে মোট ১০৪টি ম্যাচে। আমেরিকার ১১টি ঝলমলে শহর, মেক্সিকোর তিনটি ঐতিহ্যের আঙিনা আর কানাডার দুটি বরফ-শীতল শহর মেতে উঠবে একই সুরে। প্রথমবার তিন দেশের যৌথ মেলবন্ধনে তৈরি এ মঞ্চে প্রথমবার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হয়ে নামবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তানের মতো চার নবাগত শক্তি।

তারুণ্যের জোয়ার বনাম অভিজ্ঞতার এ মহাযজ্ঞে সবুজ গালিচায় বুটের জাদু দেখাবেন ৭১টি দেশের ৪৪৯টি ক্লাবের প্রতিনিধিত্ব করা ১২৪৮ ফুটবলার। এত বড় ফুটবলারদের মেলা বিশ্ব এর আগে কখনো দেখেনি। একদিকে যেমন মাঠ মাতাবেন ৮৯১ নতুন স্বপ্নবাজ তরুণ, ঠিক তেমনি অভিজ্ঞতার তুলি দিয়ে শেষবারের মতো ক্যানভাস রাঙাতে নামবেন পুরোনো জাদুকররা। বয়সের ফ্রেমে বাঁধা এ আসরে যেমন ৪৩ বছর ১৬২ দিনের অভিজ্ঞ স্কটিশ গোলকিপার ক্রেইগ গর্ডন হবেন সবচেয়ে বয়স্ক সেনানি, ঠিক তেমনি মেক্সিকোর ১৭ বছর ২৪০ দিনের তরুণ তুর্কি গিলবার্তো মোরা হবেন সবচেয়ে কনিষ্ঠ জাদুকর। এ ছাড়া ২২ জন সাবেক বিশ্বজয় আর ৩৫৭ অভিজ্ঞ সৈনিকের উপস্থিতি মাঠের লড়াইকে দেবে এক ভিন্ন মাত্রা।

নতুন দল, নতুন তারকা, নতুন ফরম্যাট-সব মিলিয়ে ২০২৬-এর ফুটবল যুদ্ধ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, বরং এক নতুন ইতিহাস রচনার উপাখ্যান। গ্যালারির গর্জন আর মাঠের নান্দনিক ফুটবলের যুগলবন্দি দেখতে এখন প্রহর গুনছে গোটা বিশ্ব। পর্দা ওঠার অপেক্ষায় ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর ফুটবল উৎসবের।

উন্মাদনা

নতুন দেশ চারটি

উজবেকিস্তান : এশিয়ার অন্যতম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও আগে কখনো মূল পর্বে খেলা হয়নি তাদের। এবার দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের টিকিট কেটেছে।

কুরাসাও : ক্যারিবিয়ান অঞ্চলের এ ছোট্ট দ্বীপ দেশটি সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

জর্ডান : এশিয়ান কাপে দুর্দান্ত পারফর্ম করা জর্ডানও ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

কেপ ভার্দে : আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপ নিয়ে গঠিত এ দেশের জনসংখ্যা মাত্র ৫ লাখ। ‘ব্লু শার্কস’ নামে পরিচিত এ দলটি প্রথমবারের মতো খেলছে বিশ্বকাপে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews