দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিকভাবে প্রতাপশালী অধিপত্য বিস্তারকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এখন লন্ডনের রাস্তায় নিঃসঙ্গ পথচারী।
সম্প্রতি লন্ডনের ব্যস্ততম শপিং ডিস্ট্রিক্ট বন্ড স্ট্রিটে হাতে আইসক্রিম নিয়ে ফুটপাতে একা বসে থাকা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
একসময় বিশাল পুলিশি প্রটোকল ও নেতাকর্মীদের ভিড়ে চলাফেরা করা ফ্যাসিস্ট পাপনকে এখন সাধারণ পোশাকে দেখা যাচ্ছে। ভাইরাল ছবিতে তার পাশে সস্তা শপিং চেইন 'প্রাইমার্ক'-এর একটি ব্যাগ দেখা যায়, যা নিয়ে নেটিজেনরা বলছেন, "টাকা থাকলেও এখন সাধারণ মানুষের মতো কেনাকাটা করতে হচ্ছে"।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জানা গেছে, অন্যান্য প্রভাবশালী নেতাদের মতো তিনিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং বারবার বাসা পরিবর্তন করছেন।
জানা যায়, গত বছরের মাঝামাঝি থেকে তার বাংলাদেশি ব্যাংক কার্ডগুলো অকার্যকর হয়ে পড়েছে, ফলে তিনি সেখানে কিছুটা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও ৭৪২.৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নেটিজেনরা এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে একে "ক্ষমতার দম্ভের পতন" এবং "কর্মের ফল" হিসেবে অভিহিত করেছেন।
নাজমুল হাসান পাপন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০১৩ সাল থেকে টানা তিন মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। ক্ষমতার তুঙ্গে থাকাকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার বর্তমান এই শোচনীয় অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।