দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত গত মঙ্গলবার (২ জুন) জারি করা এক আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। অন্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটি ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করবে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ ছাড়া তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক ও আইনগত সহায়তা প্রদান, স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার বিষয়েও কাজ করবে কমিটি।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে নারী ক্রীড়ায় বিদ্যমান বিনিয়োগ ঘাটতি দূর করা, সম-আর্থিক সুবিধা নিশ্চিত করা, নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করে নিরাপত্তা ও সমতা নিশ্চিত করা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন লিখিতভাবে সরকারের কাছে জমা দিতে হবে। এছাড়া প্রয়োজন হলে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews