মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে তাদের কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে বলেছে, যদি জায়নবাদী শাসনের শিশুহত্যাকারী বাহিনী দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে, তবে তাদের ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য অপেক্ষা করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা ঘোষণার পর থেকে লেবাননে ইসরাইল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের অভিযোগ অনুযায়ী, এই ধারাবাহিক হামলা শুধু লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করছে। এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ঘোষণা দেয়া হয়, যার আওতায় ইরান সংক্রান্ত সামরিক উত্তেজনা কমানো এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

তবে সাম্প্রতিক হামলাগুলো সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে লেবাননে হামলার প্রকৃত পরিস্থিতি এবং ইরানের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই কঠোর ভাষার সতর্কবার্তা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews