মেক্সিকোর মনতেরেরির কাছে ২-১ গোলে হেরে গেলেও জর্জ মেসিকে স্মরণ করে ম্যাচে বিশেষ মুহূর্ত উপহার দেন আর্জেন্টাইন মিডফিল্ডার
লিওনেল মেসির বাবা জর্জ মেসির মৃত্যুতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। শনিবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব মনতেরেরির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে গোল করার পর মেসির বাবাকে স্মরণ করেন তিনি।
৬৮ বছর বয়সে নিজ শহর রোসারিওতে মারা যান জর্জ মেসি। তাঁর মৃত্যুসংবাদ পাওয়ার পরই পরিবারের পাশে থাকতে আর্জেন্টিনায় ফিরে যান লিওনেল মেসি। ফলে মনতেরেরির বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন না মায়ামির অধিনায়ক।
ম্যাচের ৩১ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত নিচু শটে মায়ামিকে এগিয়ে দেন ডি পল। এরপর উদযাপনের সময় জার্সি তুলে ভেতরে থাকা ১০ নম্বরের মেসির জার্সি দেখান তিনি। গোলটি উৎসর্গ করেন মেসির প্রয়াত বাবার প্রতি।
এরপর সতীর্থরা তাঁকে ঘিরে ধরলে নিজের জার্সির পেছনে থাকা মেসির নামের দিকে ইঙ্গিত করেন ডি পল। পুরো মুহূর্তটি হয়ে ওঠে মেসি ও তাঁর পরিবারের প্রতি সতীর্থদের সংহতির আবেগঘন প্রকাশ।
তবে ডি পলের গোল শেষ পর্যন্ত মায়ামিকে জয় এনে দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। মায়ামির হয়ে এগিয়ে যাওয়ার পর হুগো কুইপার্স সমতা ফেরান। এরপর ম্যাচের শেষদিকে দারুণ এক গোল করে মনতেরেরিকে জয় এনে দেন দিয়েগো রসি।
এর আগে লিগস কাপে নিজেদের প্রথম ম্যাচে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছিল মায়ামি। ফলে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট, অবস্থান ১১তম।
জর্জ মেসির মৃত্যুতে শুধু ডি পলই নন, শ্রদ্ধা জানিয়েছে মেসির সাবেক ক্লাব, বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার বিভিন্ন ফুটবল সংগঠন ও ক্লাব।
মায়ামি-মন্তেরেরি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়রাই জর্জ মেসির স্মরণে কালো আর্মব্যান্ড পরেন। স্টেডিয়ামের ভিডিও স্ক্রিনেও প্রদর্শিত হয় তাঁর নাম।
পরে ইন্টার মায়ামি এক বিবৃতিতে নিজেদের অধিনায়ক মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। ক্লাবটি জানায়, ‘আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে রয়েছে।’
মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও জর্জ মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ইতালির উদিনেতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে এক মিনিট নীরবতা পালন করে স্প্যানিশ ক্লাবটি।
লিওনেল মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বাবার। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সী লিওনেলকে নিয়ে কাতালোনিয়ায় যান জর্জ। বার্সেলোনাকে তরুণ আর্জেন্টাইনকে সুযোগ দেওয়ার ব্যাপারে রাজি করাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বার্সেলোনা জর্জ মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদানের কথা স্মরণ করে। ক্লাবটির ভাষ্য, মেসির ক্যারিয়ারের শুরু এবং পরবর্তী সাফল্যের বছরগুলোতে জর্জের প্রতিশ্রুতি ও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসির আরেক সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইও শোক প্রকাশ করেছে। এমনকি বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও জর্জ মেসির মৃত্যুতে সমবেদনা জানিয়েছে।
রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘লিও, তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও জর্জ মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। লিওনেল মেসির ফুটবলার হয়ে ওঠার পেছনে তাঁর বাবার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছে রোসারিওর ক্লাবটি।
ক্লাবটির মতে, লিওনেলের ক্যারিয়ারে জর্জ ছিলেন একজন ‘স্তম্ভ’—যিনি দূরদর্শিতা, কঠোরতা ও ভালোবাসা দিয়ে ছেলের ক্যারিয়ারের প্রতিটি ধাপে পাশে ছিলেন।
আর্জেন্টিনাতেও জর্জ মেসির প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। রোসারিওতে মেসির শৈশবের বাড়ির সামনে ভক্তরা ফুল ও পতাকা রেখে শ্রদ্ধা জানান। বোকা জুনিয়র্স ও রিভার প্লেটও নিজেদের ম্যাচের আগে নীরবতা পালন করে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও শোক প্রকাশ করে বলেছে, তাদের অধিনায়ক ও জাতীয় দলের প্রতীক লিওনেল মেসির বাবা জর্জ মেসির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।