ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে রোববার ১৪ ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল আরও ১৩টি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি। সভায় দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, ফেডারেশনগুলোর প্রশাসনিক সংস্কার এবং বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ডারউইনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়েও কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতীয় দলের এই সাফল্যে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে আনন্দিত হয়েছেন। দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের মাটিতে গত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণকে ঘিরে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।’ ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল আরও বলেন, ‘খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। খেলার মাধ্যমে প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনের পরিবেশ তৈরির লক্ষ্যেও কাজ চলছে।’
ফেডারেশনগুলোর প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ২৭টি ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটি পুনর্গঠনের কাজও এগিয়ে চলছে। খুব শিগগিরই নতুন কমিটিগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আসন্ন সেপ্টেম্বরের এশিয়ান গেমসে পুরনো কমিটির কর্মকর্তাদের থাকা নিয়ে তৈরি হওয়া জটিলতারও ব্যাখ্যা দেন তিনি। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘নতুন কমিটিগুলো দায়িত্ব নেওয়ার আগেই এশিয়ান গেমসের দল ও কর্মকর্তাদের নাম নির্ধারণ এবং অ্যাক্রিডিটেশন কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছিল। ফলে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’
মতবিনিময় সভায় বাংলাদেশ ক্যারম, জিমন্যাস্টিক্স, কারাতে, তায়কোয়ান্দো, উশু, রোয়িং, খো খো, হ্যান্ডবল, জুডো, ফেন্সিং, ভারোত্তোলন, অ্যামেচার রেসলিং ও রাগবি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews