বাবুগঞ্জ প্রতিনিধিঃ জনপ্রতিনিধি না হয়েও এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের সমাজসেবক ও সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মঈনুল ইসলাম অপু। সড়ক সংস্কার, খেলাধুলার সরঞ্জাম বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনায় এসেছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধি না হয়েও অপু দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা ভাঙাচোরা সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমিয়েছেন। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যেসব সড়কে চলাচল ছিল কষ্টসাধ্য, সেখানে সংস্কারকাজ সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে এনেছে।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভিন্ন এলাকায় ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, জার্সিসহ ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন তিনি। স্থানীয় যুবকদের নিয়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার উদ্যোগও নিয়েছেন, যা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্প্রতি তার উদ্যোগে মাধবপাশা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে প্রায় এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগকে এলাকাবাসী মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন অপু। অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, নির্বাচনের সময় নয়, সারা বছরই তাকে মানুষের পাশে দেখা যায়। যে কোনো সমস্যা বা দুর্যোগে খবর পেলেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ কারণে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।
এ বিষয়ে মোঃ মঈনুল ইসলাম অপু বলেন, মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়া বাধ্যতামূলক নয়। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং সমাজের উন্নয়নে আরও মানুষ এভাবে এগিয়ে আসবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক