কলকাতা, ১৬ আগস্ট – দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও সাবেক বিধায়ক আশিস ব্যানার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধারকৃত মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে স্থানীয় পুলিশ। ওই চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।
তবে রাজনীতিতে আসা নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আশিস ব্যানার্জি লিখে গেছেন যে ভবিষ্যতে তাদের কেউ যেন কখনও রাজনীতির সঙ্গে যুক্ত না হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী আশিস ব্যানার্জি রামপুরহাট আসন থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিধানসভার ডেপুটি স্পিকার পদেরও দায়িত্ব পালন করেন। সুইসাইড নোটে তিনি দাবি করেন যে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। ছাত্র রাজনীতির সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থাকাকালীনও তিনি ব্যক্তিগত সততা বজায় রেখেছিলেন।
তিনি আক্ষেপ করে লেখেন যে রাজনীতির ময়দানে অন্যায়ের সঙ্গে আপস করতে না পারলেও অনেক সময় তিনি জোরালো প্রতিবাদ করতে পারেননি। সারাজীবন এক পয়সাও অনৈতিকভাবে গ্রহণ করেননি বলে দাবি করেন এই জ্যেষ্ঠ নেতা। তাকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে তিনি রাজনীতিতে আসাকে জীবনের বড় ভুল হিসেবে উল্লেখ করেন।
আশিস ব্যানার্জি ২০০১ সাল থেকে টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। তিনি রাজ্যের স্কুল শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন। ২০২২ সালে বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় তিনি রাজনৈতিকভাবে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। তথ্যমতে ২০২৬ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে অনিয়মিত হয়ে পড়েন।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬