স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া এলাকার সেনাকল্যাণের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মাহিম সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে এবং সারদাগঞ্জের এবিসিদ্দিক ইসলামী আলফালাহ দারুল উলুম মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে মাহিম কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় পানিতে নামার পর ডুবে যায়। বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বিগবস গার্মেন্টসের সামনে একটি ফার্মেসিতে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে জানিয়ে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চাওয়া হয়েছে।