দেশের শীর্ষ ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং সাভারে তাদের ৩৩তম আউটলেট উদ্বোধন করেছে। ঢাকার পাশের দ্রুত উন্নয়নশীল এই এলাকায় নতুন শোরুম চালু হওয়ায় স্থানীয় গ্রাহকেরা এখন আরও সহজে আড়ংয়ের পণ্য পাবেন।
নতুন আউটলেটটি দুই তলা জুড়ে প্রায় ১১ হাজার বর্গফুট জায়গায় তৈরি করা হয়েছে। এখানে আড়ংয়ের জনপ্রিয় সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ পাওয়া যাবে। এছাড়া রয়েছে পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের বড় সংগ্রহ।
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, আমাদের সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত। এই নতুন পরিসরের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও কাছাকাছি আসতে চাই এবং আড়ংকে আরও সহজলভ্য করে তুলতে চাই। যে সম্প্রদায়কে আমরা সেবা দিই, তাদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করাই আমাদের লক্ষ্য।
ব্র্যাক–এর সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে গ্রামীণ কারিগরদের কাজের সুযোগ তৈরি ও টেকসই হস্তশিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল