ছাত্র দিয়ে শুরু; পরে যুব, শ্রমিক, নারী
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়কদের অনেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনে যুক্ত ছিলেন। অভ্যুত্থানে জয়ের কিছুদিন পর তাঁরাই এই সংগঠনের কার্যক্রম স্থগিত করে দিয়েছিলেন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে সমন্বয়কদের (ছাত্রশক্তির সাবেক) একটি অংশের উদ্যোগে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যাত্রা শুরু হয়। এটি কার্যত এনসিপির ছাত্রসংগঠন হলেও এই পরিচয় দিতে তারা অস্বস্তি বোধ করত।
গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রসংগঠন হিসেবে সেভাবে সাড়া ফেলতে পারেনি। গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাদের ভরাডুবির পর সংগঠনটিকে পুনর্গঠনের আলোচনা শুরু হয়। সম্মেলন করে তাদের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে। পাশাপাশি সংগঠনটিকে সরাসরি এনসিপির ছাত্রসংগঠন হিসেবে পরিচিত করানোর পরামর্শও দেওয়া হয়।