ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের দুই পেসার খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১৭তম ওভারে শাই হোপকে বোল্ড করার পর তার কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন শাহজাদ। ওই ইনিংসে জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে আব্বাসও আগ্রাসী উদযাপন করেন। এই দুই ঘটনাকেই আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হবার পর তাকে অপমান করা বা উস্কানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আচরণ প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে শাহজাদকে। অন্যদিকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে আব্বাসকে। এছাড়াও একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে শাহজাদ ও আব্বাসের নামের পাশে। গত ২৪ মাসে আব্বাস ও খুররম দুইজনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।

শাহজাদ ও আব্বাসের আচরণবিধি ভঙ্গের অভিযোগ ম্যাচ রেফারির কাছে তুলে ধরেন অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবরো এবং তৃতীয় আম্পায়ার জয়ারামন মদনগোপাল। পরে পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন শাহজাদ ও আব্বাস। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হারে পাকিস্তান। আগামী ২ আগস্ট পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews