বিশ্বে সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটজিপিটির সৃষ্টিকর্তা মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের দুটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল পরীক্ষার নিয়ন্ত্রিত গণ্ডি পেরিয়ে অনধিকার প্রবেশ বা হ্যাক করেছে অন্য একটি এআই কোম্পানির সার্ভার।

আল জাজিরা বুধবার (২২ জুলাই) জানিয়েছে, ওপেনএআই মঙ্গলবার নিশ্চিত করে জানায়, 'নজিরবিহীন এই সাইবার ঘটনাটি' ঘটেছিল তাদের এআই মডেলগুলোর প্রযুক্তিগত সাইবার সক্ষমতা কতটুকু, তা পরখ করে দেখার একটি অভ্যন্তরীণ অনুশীলনের সময়।

পরীক্ষার জন্য তৈরি নিরাপত্তা বলয় ভেদ করে সরাসরি উন্মুক্ত ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট। এই এজেন্টটি পরিচালনা করছিল দুটি মডেল—এর একটি হলো সদ্য বাজারে আসা 'জিপিটি ৫.৬ সল' এবং অন্যটি এখনো প্রকাশ না হওয়া 'আরও বেশি সক্ষম' আরেকটি এআই মডেল।

ওপেনএআই দাবি করেছে, এআই এজেন্টটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে পরীক্ষা চালানোর নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বের হয়ে আসে। এরপর এটি চলে যায় হাগিং ফেস নামের অন্য এক এআই কোম্পানির সার্ভারে। সেখানে থাকা একটি অজানা নিরাপত্তাত্রুটি খুঁজে বের করে এজেন্টটি সার্ভারে ঢুকে পড়ে। মূলত পরীক্ষার জন্য নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করতে এবং প্রয়োজনীয় তথ্য উদ্ধার করতেই এআই এজেন্টটি এমন 'চরম পদক্ষেপ' নিয়েছিল।

পুরো কাণ্ডটি নিজের বুদ্ধি ও ক্ষমতাবলে এআই এজেন্ট একা একাই ঘটিয়েছে ভেবে বিস্ময় প্রকাশ করেছেন হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট দেলাঙ্গু। একে 'প্রথমবারের মতো ঘটা কোনো ঘটনা' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুরু থেকেই তাদের সন্দেহ হয়েছিল যে বড় কোনো ফ্রন্টিয়ার এআই ল্যাব এই আক্রমণের পেছনে জড়িত। তবে এর পেছনে ওপেনএআইয়ের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলেই তিনি বিশ্বাস করেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কাসার এই ঘটনাকে 'উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আমাদের নিরাপদ রাখার মতো কোনো বাস্তব নিয়মকানুন ছাড়াই এআই খুব দ্রুত বেড়ে উঠছে। ঝুঁকি এড়াতে তিনি বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সাইবার ঘটনার তথ্য বাধ্যতামূলকভাবে প্রকাশ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার জোর দাবি জানান।

সংবাদটি এমন এক সময়ে সামনে এলো, যার মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবচেয়ে উন্নত এআই ব্যবস্থাগুলোর জাতীয় নিরাপত্তা ঝুঁকি যাচাই করার একটি রূপরেখা তৈরি করে নির্বাহী আদেশে সই করেছিলেন। প্রকাশ্যে আনার আগেই সেসব প্রযুক্তি পরীক্ষা করাই ছিল ওই আদেশের উদ্দেশ্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews