বিশ্বে প্রতিবছর তিন লাখের বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়। অথচ এই মৃত্যুর বেশির ভাগই প্রতিরোধযোগ্য। দীর্ঘদিন ধরে ডুবে মৃত্যু জনস্বাস্থ্যের অন্যতম অবহেলিত সমস্যা হিসেবে থেকে গেলেও এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ এটিকে বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে দেখছে। সেই লক্ষ্যেই গত বছর (২০২৫) প্রকাশ করা হয়েছে একটি বৈশ্বিক কৌশলপত্র। যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ডুবে মৃত্যু ৩৫ শতাংশ কমানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার (ভায়োলেন্স অ্যান্ড ইনজুরি প্রিভেনশন) ড. ক্যারোলিন লুকাজিক বলেছেন, ২০৩৫ সালের মধ্যে ডুবে মৃত্যু ৩৫ শতাংশ রোধে তাদের প্রতিষ্ঠান সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। সদস্যরাষ্ট্রগুলোকে এ কাজে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে।