সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে উন্মোচন করা হয়েছে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ট্রফি। মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আগামী ২৬ মার্চ শারজাহ গ্রাউন্ড স্পোর্টস মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে নির্ধারিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে চিটাগং এফসি ও বিএফসি সিটি।

শুক্রবার (১৩ মার্চ) রাতে শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ ইউচ স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আকতার হোসেন, নুরুল আবছার, রফিকুল ইসলাম, মহসিন, কামাল এবং এম এ সালামসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড় এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দিক হলো এর আকর্ষণীয় পুরস্কার। আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়ি। প্রবাসে আয়োজিত কোনো ফুটবল টুর্নামেন্টে এমন রাজকীয় পুরস্কারের ঘোষণা খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে আমিরাতের প্রচলিত আইন ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বানও জানান তারা।

আয়োজক কমিটি জানায়, প্রবাসীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করতে এবং টুর্নামেন্ট সফল করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ আয়োজন সফল করতে স্থানীয় প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews