ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’–খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্দের একটি বিতর্কিত স্বীকারোক্তি ঘিরে উত্তাল ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি। ২০১৬ সালে এই ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যে যৌন হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ তিনি এনেছিলেন, তা সম্পূর্ণ ‘মিথ্যা’ ছিল বলে সম্প্রতি এক চ্যাট শোতে স্বীকার করেছেন শিল্পা। আর তার এই মন্তব্যের পরই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। বিষয়টিকে ‘চরম লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

চ্যাট শোতে শিল্পা শিন্দে জানান, সে সময় চুক্তিসংক্রান্ত একটি বিরোধের জেরে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। পরিস্থিতি এমন ছিল যে সে মুহূর্তে প্রযোজককে চাপে ফেলতে মিথ্যা অভিযোগ করা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না। শিল্পার এই বিস্ফোরক স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

শিল্পার এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি হিনা খান। সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে হিনা লেখেন, সাধারণত তিনি অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন, কিন্তু এই ঘটনার সামাজিক প্রভাব এতটাই নেতিবাচক যে তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন।

পেশাগত বা ব্যক্তিগত বিরোধ মেটাতে যৌন হেনস্তার মতো গুরুতর বিষয়কে হাতিয়ার করা এবং মিথ্যা অভিযোগ আনাকে একেবারে লজ্জাজনক বলে বর্ণনা করেন হিনা। তিনি বলেন, এমন কাণ্ড কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং সমাজের আসল ভুক্তভোগী নারীদের ওপর থেকে মানুষের বিশ্বাসও কমিয়ে দেয়।

আরও পড়ুন

আরও পড়ুন

কৃতি ও রাশমিকার মধ্যে বিতর্কিত সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

কৃতি ও রাশমিকার মধ্যে বিতর্কিত সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

হিনা আরও জোর দিয়ে বলেন, এই পুরো ঘটনায় আসল ভুক্তভোগী হলেন প্রযোজক সঞ্জয় কোহলি এবং তার পরিবার। যে অভিযোগের কারণে বছরের পর বছর ধরে তারা সামাজিক ও মানসিকভাবে ভুগেছেন, তা এখন নিছকই মিথ্যা বলে তুলে নেওয়া হলো।

নিজের পোস্টে হিনা খান আরও লেখেন, ঘটনাটি জানার পর তিনি এতটাই স্তব্ধ যে ভাষা হারিয়ে ফেলেছেন। পেশাগত স্বার্থের জন্য কোনো মানুষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জনসমক্ষে এভাবে মিথ্যা কাদা-ছোড়াছুড়ি না করে যেকোনো সমস্যার আইনি সমাধান খোঁজা উচিত ছিল বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে ‘আঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান শিল্পা। তবে ২০১৬ সালে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করে শোটি ছেড়ে দেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে তিনি আবারও এই জনপ্রিয় শোতে ফিরে আসেন। বর্তমানে শোয়ের টিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং এর লেখকের অনুরোধেই তিনি ফিরেছেন বলে জানা গেছে। তবে তার ফেরার পরপরই পুরোনো সেই মামলার ‘মিথ্যা’ স্বীকারোক্তি নতুন করে বিতর্কের জন্ম দিল।

সূত্র: সামা টিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews