মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর একটি বিশাল ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ব্রোঞ্জ নির্মিত ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স উপহার হিসেবে দিয়েছিল।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

দুর্বৃত্তরা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের গোড়ালি থেকে কেটে নিয়ে যায় এবং ঘটনাস্থলে ভাস্কর্যটির শুধুমাত্র পায়ের পাতা অবশিষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেও ভাস্কর্যের বিচ্ছিন্ন অংশ দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একটি সাদা রঙের ভ্যানে করে এসেছিল এবং তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয় ভাঙা ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছে। সন্দেহজনক কেউ ব্রোঞ্জ বিক্রি করতে এলে পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সান্তোস কুমার জানিয়েছেন, চুরির বিষয়টি ভবনের সিসিটিভি ফুটেজে আংশিক ধরা পড়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ভাস্কর্য স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটিতে একবার ভাঙচুর চালানো হয়েছিল।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে এই ভাস্কর্য চুরির ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews