বাংলাদেশে আজ পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সারা দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। পছন্দের পশু কোরবানির মাধ্যমে পালিত হয় এই উৎসব। আনন্দঘন এই মুহূর্তে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
কাতার বিশ্বকাপ যেন বাংলাদেশ ও আর্জেন্টিনাকে মিলে মিশে একাকার করে দিয়েছে। লিওনেল মেসির দেশকে যেভাবে সমর্থন দিয়েছেন বাঙালীরা তাতেই মুগ্ধ দক্ষিণ আমেরিকান দেশটি। যা এখনো ভুলতে পারেনি বিশ্বকাপ জয়ীরা।
তাই তো এখন যেকোনো বিশেষ মুহূর্তে বাংলাদেশিদের মনে করে আর্জেন্টাইনরা।তারই অংশ হিসেবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশকে।
Selección Argentina in English ভেরিফায়েড ফেসবুক পেজে এআই দিয়ে নির্মিত একটি ভিডিওতে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশি সমর্থকদের।
ভিডিওবার্তায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক। সবশেষ লিওনেল মেসি বলেন, ‘আমরা তোমাদের ভালোবাসি বাংলাদেশ এবং তোমাদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’
ঈদের শুভেচ্ছা জানানো সেই ভিডিওর ক্যাপশনে লিখা ছিল, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশেরর সকল মানুষকে জানাই ঈদ মোবারক। এই পবিত্র ঈদুল আজহা প্রতিটি পরিবারে বয়ে আনুক শান্তি, সুখ এবং অফুরন্ত কল্যাণ!’
শুভেচ্ছা বার্তায় নির্মিত এআই ভিডিওতে মেসি ছাড়াও ছিলেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজ।