বড় শাস্তির শঙ্কায় ফখর জামান। নিষিদ্ধ হতে পারেন তারকা এই ব্যাটার। তার বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান।
গতরাতে পিএসএলের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে লাহোরের ফখর জামানের বিরুদ্ধে ওঠে বল টেম্পারিংয়ের অভিযোগ।
যদিও মাঠের আম্পায়াররা তাৎক্ষণিক ৫ রানের পেনাল্টি দেন এই ঘটনায়। এবার শোনা যাচ্ছে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর। যা বেড়ে হতে পারে দুই ম্যাচও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ফখরকে লেভেল-৩ অপরাধে চার্জ করা হয়েছে। যা প্রথমবারের জন্য হলে ন্যূনতম এক ম্যাচ ও সর্বাধিক দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান। অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি। ম্যাচ রেফারি রোশান মহানামা আগামী দুই দিনের মাঝে এই শুনানি পরিচালনা করবেন।
উল্লেখ্য, গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর ও করাচির ম্যাচের শেষ ওভারে ঘটে এমন ঘটনা। জেতার জন্য করাচির দরকার ছিল ১৪ রান। বোলিং করতে আসেন হারিস রউফ।
হারিসের হাতে বল যাওয়ার আগে সেটি হাতে নেন ফখর জামান। তখন তাদের দিকে নজর রাখছিলেন মাঠের আম্পায়ার ফয়সাল। এ সময় তার নজরে অস্বাভাবিক কিছু একটা ধরা পড়ে।
পরে তিনি বল পরীক্ষা করে মনে করেন এর অবস্থা পরিবর্তন করা হয়েছে, ফলে ফিল্ডিং দল লাহোরকে পাঁচ রানের পেনাল্টি দেয়া হয়। এই পেনাল্টি পেয়ে সুবিধা হয় করাচির।
কোনো বল হওয়ার আগেই শেষ ওভারের ১৪ রানের লক্ষ্য নেমে আসে ৯ রানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর চার উইকেটের জয় এনে দেন আব্বাস আফ্রিদি।
তবে ম্যাচ শেষ হলেও বিতর্ক শেষ হচ্ছে না। বল টেম্পারিংয়ের এই অভিযোগ নিয়ে জালঘোলা হচ্ছে ঢের।