বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন ছিল বেশ বিতর্কিত। নানা অনিয়ম ও উপর মহলের হস্তক্ষেপ ছিল প্রকাশ্য। উঠেছিল কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।
সে সব অভিযোগের ভিত্তিতে স্বাধীন তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তার সাথে থাকছেন আরো ৪ জন।
থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ ও
ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা।
একইসাথে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা। সেই সাথে নির্বাচনে অনিয়ম, কারসাজি, ক্ষমতার ব্যবহার সংক্রান্ত অভিযোগুলো পর্যালোচনা করা।
এতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে তদন্ত কমিটি। যা তাদের আগামী ১৫ কার্যদিবসের মাঝে দাখিল করতে হবে।