মোবাইলে একটি মেসেজ এলো। লেখা, আপনার টোল বা ট্রাফিক জরিমানা বকেয়া, দ্রুত পরিশোধ করুন। গুরুত্বপূর্ণ মনে করে লিংকে ক্লিক করলেন, ব্যাস, অজান্তেই ফাঁদে পা দিলেন। সাম্প্রতিক সময়ে ঠিক এভাবেই ফিশিং লিংকের মাধ্যমে প্রতারণার ঘটনা আবারও আলোচনায় এসেছে।
দেশজুড়ে বিভিন্ন নম্বর থেকে এমন মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে সরকারি বা পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে। মেসেজে দেওয়া লিংকগুলো দেখতে অফিসিয়াল মনে হলেও আসলে সেগুলো ভুয়া ওয়েবসাইট, যার মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সম্প্রতি ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, ভুয়া মেসেজের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায়ের কোনো প্রক্রিয়া নেই। সড়কে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মামলা করলে নির্দিষ্ট কেস আইডি দেওয়া হয় এবং নির্ধারিত পদ্ধতিতে জরিমানা পরিশোধ করতে হয়। কোনো অবস্থাতেই এসএমএসের লিংকে ক্লিক করে অর্থ পরিশোধের সুযোগ নেই।
![ক্কক]ক্ক]ক্কক্কক্কক্কক্ক](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/online/2026/04/18/my1108/hfhfdjfdjd.jpg)
বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধীরা ‘ফিশিং’ কৌশল ব্যবহার করে। অর্থাৎ লোভনীয় বা জরুরি বার্তা দিয়ে ব্যবহারকারীকে লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। লিংকে প্রবেশ করলেই ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে পড়ে এবং গোপনে পাসওয়ার্ড, ব্যাংক তথ্যসহ গুরুত্বপূর্ণ ডাটা চুরি করতে পারে।
এ ধরনের মেসেজে সাধারণত অচেনা বা অস্বাভাবিক ডোমেইন ব্যবহার করা হয়, যেমন ডট টপ, ডট ল্যাট ইত্যাদি। পাশাপাশি বানান ভুল বা অস্বাভাবিক ভাষাও থাকে, যা দেখে সহজেই সন্দেহ করা যায়।
কখনও ব্যাংকের নাম ব্যবহার করে, কখনও টোল বা জরিমানার ভয় দেখিয়ে আবার কখনও পুরস্কারের লোভ দেখিয়ে এই ফাঁদ তৈরি করা হয়। অনেকেই কৌতূহল বা তাড়াহুড়ায় লিংকে ক্লিক করে প্রতারিত হচ্ছেন।
সতর্কতায় যা করবেন
সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। ভুলবশত ক্লিক করলে কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়া যাবে না। দ্রুত ইন্টারনেট সংযোগ বন্ধ করা, ডিভাইস স্ক্যান করা এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এমন কোনো মেসেজ পেলে তা এড়িয়ে চলা এবং অন্যদেরও সচেতন করার কথা বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক