ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ। রুপালি পর্দার এই তারকা সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেন। সেই আলাপচারিতায় তার দীর্ঘদিনের একটি স্বপ্ন এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের অবদান প্রসঙ্গে এই সুপারস্টারকে প্রশংসায় ভাসান তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি পর্বে হাজির হন এই চিত্রনায়ক। বিশেষ এ পডকাস্টটি শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।

একই দিন (২৮ মার্চ) সুপারস্টার শাকিব খানের জন্মদিনও। তাই স্বভাবতই এ নিয়েও শোতে কথা বলেছেন রাজ।

শাকিবকে শ্রদ্ধা জানিয়ে রাজ বলেন, ‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম।’

‘বরবাদ’ তারকাকে নিয়ে রাজ আরও বলেন, ‘আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’

এছাড়া পডকাস্টে নিজের দীর্ঘদিনের একটি স্বপ্নের কথাও প্রকাশ করেন তিনি। শরীফুল রাজ জানান, সব কিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।  সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। এটি তার দীর্ঘদিনের স্বপ্ন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews