ওয়াশিংটন, ২ এপ্রিল – ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে।

গত দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে থাকার পর বৃহস্পতিবার এই ব্যাপক দরপতন দেখা যায়। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৪৯ ডলারে দাঁড়ায়।

দিনের শুরুতে ১৯ মার্চের পর সর্বোচ্চ দামে পৌঁছালেও ট্রাম্পের মন্তব্যের পর মূল্যবান এই ধাতুর দাম ৪ শতাংশেরও বেশি কমে যায়। তবে সার্বিকভাবে চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যায়।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি জানান যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা অব্যাহত রাখবে এবং ওয়াশিংটন এই সংঘাতের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। তার এই মন্তব্যে যুদ্ধবিরতির আশা করা বিনিয়োগকারীরা বেশ হতাশ হন।

ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ জানান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের একটি নেতিবাচক সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হয়েছে। এর ফলে বাজার ধারণা করছে ফেডারেল রিজার্ভ হয়তো সুদের হার কমাবে না। এই আশঙ্কাই মূলত স্বর্ণের দামকে নিম্নমুখী করছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখবে বলে প্রত্যাশা বাড়ছে।

আগামী ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা ট্রাম্পের ভাষণের আগের ২৫ শতাংশ থেকে কমে এখন ১৪ শতাংশে অবস্থান করছে। এছাড়া ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এবং ডলার ইনডেক্স উভয়ই শক্তিশালী হয়েছে যা সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে।

জেফরিজের মালিকানাধীন ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস উল্লেখ করেন বিনিয়োগকারীদের কাছে এখন নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চেয়ে ডলার বেশি প্রাধান্য পাচ্ছে। ফেডের দীর্ঘ সময়ের জন্য সুদের হার উচ্চ রাখার সম্ভাবনা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে কাঠামোগত চাহিদার কারণে এই মূল্যবান ধাতু আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে নতুন রেকর্ড গড়তে পারে বলে তিনি মনে করেন।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট রূপার দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭১ দশমিক ৪৪ ডলারে নেমেছে। যদিও দিনের শুরুতে এটি ৭ শতাংশেরও বেশি পড়ে গিয়েছিল। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯১৮ দশমিক ৩৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৪৬৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews