গাজীপুরের কালীগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও বসতভিটা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাসুমা বেগম নামে এক বিধবা। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত ওমর ফারুক ও তার সহযোগীদের শাস্তির দাবি করেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
অভিযোগকারী মাসুমা বেগম ওই গ্রামের মরহুম মো: সিরাজুল ইসলামের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুমা বেগম জানান, বড়গাঁও গ্রামের মরহুম নুরুল ইসলাম শেখের ছেলে আব্দুল আউয়াল শেখ, তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও জবরদখলকারী হিসেবে পরিচিত।
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে দরিদ্র ও নিরীহ মানুষের জমি দখল করে আসছে। তাদের অন্যায়ের প্রতিবাদ করলে হত্যা ও মামলাসহ নানা নির্যাতনের শিকার হতে হয়।
তিনি আরো জানান, ২০১০ সালের ৮ জুলাই তার স্বামী ৬০৩৯ নম্বর হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলমূলে তাকে ২৭.৫০ শতাংশ জমি লিখে দেন। জমিটির নামজারি ও খাজনা পরিশোধ করে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে স্বামীর মৃত্যুর পর থেকে ওমর ফারুক ও তার দলবল জমিটি দখলের পাঁয়তারা শুরু করে।
তিনি জানান, সন্ত্রাসী হামলাও সম্পত্তি জবর দখলের বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও গাজীপুরের পুলিশ সুপার বরাবর বারবার আবেদন করেও প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে কোনো আইনি সহায়তা পাননি।
মাসুমা বেগম বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন সময় আমার বাড়িতে ঢুকে ৩৫ থেকে ৪০টি ফলদ ও বনজ গাছ কেটে নিয়ে গেছে। ঘরে ঢুকে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং সবশেষে টিনশেড সেমিপাকা ঘর দখল করে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে আমি প্রতিবন্ধী সন্তানসহ চার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি।
তিনি আরো অভিযোগ করেন, অভিযুক্ত ওমর ফারুক ও তার সহযোগীরা একই গ্রামের পাচু শেখের ছেলে ফিরোজ আলী, আসমত আলী, সুলতান উদ্দিন, হেকমত আলী ও মুসকত আলীর জমিও জবরদখল করে নুরে মদিনা কওমী মাদরাসা নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার টাকা আদায় করছে।
ভূমিদস্যুদের কবল থেকে বসতভিটা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে মাসুমা বেগম মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের জরুরি হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে মাসুমা বেগমের ছেলে মো: মেহেদী হাসান শেখ, মো: আনা নূর ইসলাম শেখ শাকিল, মো: মিনহাজুর রহমান শেখ, মো: মাজহারুল ইসলাম শেখ, মাসুমা বেগমের বোন হালিমা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম উপস্থিত ছিলেন।