শন টেইটের চাকরি ছাড়ার গুঞ্জন রটেছিল গত সপ্তাহেই। তবে আসলে কী হচ্ছে, বোঝা যায়নি। তবে এবার জানা গেল- বিসিবির চাকরি সত্যিই ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

এমনকি ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও তাকে পাওয়া যাবে না। এই সময় টেইটের বদলে তাসকিন-মোস্তাফিজদের দায়িত্বে দেখা যাবে সাবেক পেসার তালহা জুবায়েরকে।

টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়োগ দেয়া হয়েছে তাকে। টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা। থাকছেন জিম্বাবুয়ে সিরিজেও।

জানা গেছে- সাবেক অস্ট্রেলিয়ান এই গতিতারকা শন টেইট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশে আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানা গেছে। সেমতেই বিসিবি ছেড়েছেন তিনি।

যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ তিনি। তার আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন টেইট। তার অধীনে পেসাররাও নিজেদের মেলে ধরেন।

টেইট মূলত ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী। সেই লক্ষ্যে সেখানে তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। যদিও এখনো ইতিবাচক সাড়া পাননি, তবে আশাবাদী টেইট।

এদিকে টেইটের স্ত্রীও ভারতীয়। তাই স্ত্রীর সাথে থাকতেই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এ ছাড়া ভারতে কোচিং করাতে পারলে সুযোগ মিলতে পারে আইপিএলেও।

ফলে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন টেইট। বেঙ্গল এখনো অবশ্য টেইটকে নিয়ে কোনো আনুষ্ঠানিক খবর জানায়নি। মূলত টেইটের পারিশ্রমিকের বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি তারা।

এদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে ও ৭টি টেস্ট খেলেছেন তালহা জুবায়ের। দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ে। গত বিপিএলে ছিলেন নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্বে।

এখন কাজ করছেন এইচপির হয়ে। তবে আপাতত তাকে জাতীয় দল নিয়েই ভাবতে হবে।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews