শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) বিকালে বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত ধর্মপ্রিয় মহাথের, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সিনিয়র নেতা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

রাষ্ট্রপতি এ সময় বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।

তিনি বলেন, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতির ভিত্তিতে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এ লক্ষ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ পাহাড়-সমতলের সব জনগোষ্ঠীর সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা অব্যাহত রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতির যেকোনো অর্জন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা ও যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি সবাইকে ধৈর্য, সংযম ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews