নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। ভারত ম্যাচ ইস্যুতে আইসিসিকে খুশি করলেও আপাতত স্বস্তিতে থাকার উপায় নেই পাকিস্তানের। তাদের এক রকম হুমকিই যেন দিয়ে রাখল যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এর আগে এই সংস্করণে মাত্র একবারই মুখোমুখি হয়েছে দুদল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের সে ম্যাচটির স্মৃতি এখনো তরতাজা তাদের মনে। সে জয় থেকেই আত্মবিশ্বাস নিয়ে আরও একবার পাকিস্তান বধের ছক কষছে তারা–এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মোহাম্মদ মহসিন।

ভারতের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাবনা জাগিয়ে সূর্যকুমারদের কাছে ২৯ রানে হেরে তারা। একে তো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের স্মৃতি, তার ওপর ভারতের চোখে চোখ রেখে লড়াই–সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভরপুর যুক্তরাষ্ট্র। বরং সালমান আলী আগার দলই চাপে থাকবে বলে মনে করছেন মহসিন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পেশোয়ারে জন্ম নেওয়া মহসিন বলেন, ‘ভারতের বিপক্ষে হার আমাদের জন্য অনেক কষ্ট দিয়েছে। বিশেষ করে প্রথম ১৫ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকার পর। এখন আমরা ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবছি। একই সঙ্গে আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। সত্যি বলতে আমার মনে হয় সব চাপ এখন তাদের (পাকিস্তান দল) ওপরই।’

প্রতিপক্ষের শক্তির দিকে না তাকিয়ে নিজেদের সেরাটা খেলে ভক্তদের জন্য দারুণ কিছু করতে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র। মহসিন বলেন, ‘এবারের টুর্নামেন্টে আমাদের হারানোর কিছু নেই। আমরা কেবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। টুর্নামেন্টটি যেভাবে শুরু হয়েছে তা বেশ রোমাঞ্চকর। আশা করি পরবর্তী ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) জয় আমাদের এই যাত্রাকে আরও স্মরণীয় করবে।’

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews