দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত ঘটনার জেরে লায়ন্স ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল গাউটেং লায়ন্স অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোলের চুক্তি বাতিল করা হয়েছে।

লায়ন্স এবং টাইটানসের ম্যাচের ফাইনালের মধ্যেই নিয়ম ভঙ্গ করে কাউন্টি ক্রিকেট খেলতে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এর ফলে লায়ন্স মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা চালিয়ে যেতে বাধ্য হয়।

ম্যাচের শুরুতে বেয়ার্স সোয়ানেপোল দারুণ অবদান রেখেছিলেন। তিনি ৪৪ রানে ৩ উইকেটের বোলিং ফিগার তুলে নেন, যা তার দলকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করে। এরপরও খেলা শেষ হতে আট ওভার বাকি থাকতেই তিনি হঠাৎ মাঠ ছেড়ে চলে যান।

প্রথমে মনে হয়েছিল যে তিনি সামান্য চোট পেয়েছেন। তার বদলে একজন বদলি ফিল্ডারকে মাঠে নামানো হয়। এর কিছুক্ষণ পর বেয়ার্স কাউন্টি ক্রিকেট খেলার জন্য যুক্তরাজ্যে যাওয়ার ফ্লাইট ধরতে মাঠ ছেড়ে চলে যান। এই খবরটি ম্যাচ রেফারির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বদলি ফিল্ডারকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে লায়ন্সদের দশজন খেলোয়াড় নিয়েই খেলা চালিয়ে যেতে হয়েছিল। শেষ পর্যন্ত শেষ বলের আগের বলে হেরে যায় তারা।

বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বেয়ার্স সোয়ানেপোল কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য ওরচেস্টারশায়ারে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার কাছে ক্রিকেট সাউথ আফ্রিকার কাছ থেকে প্রয়োজনীয় অনাপত্তি সনদ ছিল না। এ ঘটনার পর লায়ন্স ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্ট উচ্চ পেশাদার মান বজায় রাখার প্রতি তাদের অঙ্গীকারের ওপর জোর দেয়।

লায়ন্সের সিইও জোনো লিফ-রাইট বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই এটি একটি দুর্ভাগ্যজনক সময় ছিল। কিন্তু আমরা এখন বিষয়টি নিষ্পত্তি করেছি, যাতে সবাই সামনে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, লায়ন্স ক্রিকেটে সর্বোচ্চ পেশাদার মান বজায় রাখারর জন্য এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে  দেখা হয়। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সোয়ানেপোলের অনাপত্তিপত্র  প্রত্যাখ্যান করেছে। ফলে তিনি বর্তমানে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না। ভবিষ্যতে তার খেলার যোগ্যতা নির্ধারণের জন্য তাকে আনুষ্ঠানিক শুনানির জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বেয়ার্স সোয়ানেপোল পরে তার দল এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, সর্বপ্রথম, আমি ইউনিয়নকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য লায়ন্স ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই। প্রাইডের হয়ে খেলা আমার এই মৌসুমটি খুব ভালো লেগেছে এবং এটি আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে।

তিনি আরও বলেন, ফাইনালে যা ঘটেছে তার জন্য আমি পুরো লায়ন্স পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমরা অনেক কিছু থেকে শিক্ষা নিয়েছি। এদিকে ওরচেস্টারশায়ার পুরো মৌসুমের জন্য বেয়ার্স সোয়ানেপোলকে পাওয়ার আশা করেছিল।

উল্লেখ্য মিডলসেক্সের বিপক্ষে ম্যাচের জন্য তাদের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবর্তে দলটি শূন্যস্থান পূরণের জন্য অলিভার হ্যানন-ডালবিকে স্বল্পমেয়াদী লোনে চুক্তিবদ্ধ করে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews