চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকে সাফল্যে রূপ বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারায় লাল-সবুজের মেয়েরা। টানা দুই জয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জপদক নিশ্চিত করলো বাংলাদেশ নারী দল। চীন থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ জানান, কাবাডির সাধারণ নিয়মের মতো এই গেমসেও সেমিফাইনালে উঠলে ব্রোঞ্জপদক নিশ্চিত। গেমসের ট্যাকনিক্যাল বুকেও এ রকম লেখা আছে।
কাল ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আμমণাত্মক হয়ে ওঠে লাল-সবুজরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট ৪। দু’দলই সেমিফাইনাল পদক নিশ্চিত করেছে। আজ গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ নিয়মরক্ষার। নারী দল সফল হলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের পুরুষ দল। তারা আগের দিন পাকিস্তানের কাছে হারের পর কাল ইরানের কাছে হেরেছে ৪৭-৩১ পয়েন্টে। তিন ম্যাচে বাংলাদেশ পুরুষ দল মাত্র ২ পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।