তেহরানসহ উত্তর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা সম্প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য সংকট চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অমান্য করার চেষ্টাকালে একটি তেলবাহী ট্যাংকারেও আঘাত হেনে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র বাহরাইন, কুয়েত এবং জর্ডানকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। বৃহস্পতিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে এই নতুন দফার হামলা চালায়। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই মার্কিন সামরিক বাহিনী ইরানকে এই জবাবদিহিতার মুখোমুখি করছে বলে সেন্টকম উল্লেখ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দফায় রাজধানী তেহরান ছাড়াও বন্দর আব্বাস, চাবাহার, আহভাজ এবং সেমনান প্রদেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রসহ বেশ কিছু শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলায় তাদের একটি সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৭ জন সেনা নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালায়। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোঁড়া ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, ইরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি। ইরান এখনো কোন যুদ্ধ চায় না। তবে জাতীয় স্বার্থ রক্ষায় তারা কূটনৈতিক ও সশস্ত্র প্রতিরোধ উভয় পন্থাই ব্যবহার করবে। এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান এই চরম সংঘাত বন্ধ করতে এবং পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews