চলতি বছরের আইপিএল শেষে আফগানিস্তানকে স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর পথচলা শুরু করবে ভারত। আগামী জুনে এক টেস্ট ও তিন ওয়ানডের জন্য আফগানদের স্বাগত জানাবে তারা।
দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি হবে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে। ওই ম্যাচ দিয়ে ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু হবে মাঠের।
চলমান টি-টোয়েন্টি এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ের এই খবর দিয়েছে ভারত। সোমবার (২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তিন ওয়ানডের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিউ চণ্ডীগড়ে আগামী ৬ জুন শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর ধর্মশালা (১৪ জুন), লখনৌ (১৭ জুন) ও চেন্নাইয়ে (২০ জুন) তিন ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিউ চণ্ডীগড়ে হতে যাওয়া ম্যাচটি আফগানিস্তান ও ভারতের মধ্যে মাত্র দ্বিতীয় টেস্ট হতে চলেছে।
এর আগে বেঙ্গালুরুতে ২০১৮ সালে খেলা একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত। আগামী ৩১ মে শেষ হবে আইপিএলের ২০২৬ সালের আসর। এর পাঁচদিন পর লাল বলের লড়াইয়ে নেমে যাবে ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/কামাল