দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেস থেকে বিদায়ের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।

বৃহস্পতিবার করিন্থিয়ানসের কাছে রোজারিও সেন্ট্রালের ১-০ গোলের ব্যবধানে হারে ভেঙে পড়েন ডি মারিয়া। ১২ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক গোল করেছিলেন তিনি। যা তাকে নিয়ে গিয়েছিল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালে।

রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগের ম্যাচে হারের পর ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘এটি একটি কঠিন মুহূর্ত। আমার স্বপ্ন ছিল অন্যরকম। ইচ্ছা ছিল খেলা চালিয়ে যাওয়ার। তবে এটাই ফুটবল। এখন আমাকে চিন্তা করে দেখতে হবে আমি সামনে কী করতে চাই।’

ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটি সেভাবে এগোয়নি। আমরা বেশ লড়াই করেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’

ইউরোপে ১৮ বছর দাপটের সাথে খেলার পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শৈশবের ক্লাবে ফেরেন ডি মারিয়া। গত জুনে ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করেন তিনি—যার মেয়াদ শেষ হওয়ার সময় তার বয়স হবে ৩৯ বছর। হয়তো তখন, নয়তো তার আগেই অবসরে চলে যাবেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলযোদ্ধা।

রোজারিও সেন্ট্রালে ফেরার পর থেকে ‘ফিদো’ (ডি মারিয়া) ৪৩টি ম্যাচ খেলেছেন; যেখানে তার পা থেকে এসেছে ১৪টি গোল ও ৭টি অ্যাসিস্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews