পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার দেওয়া হয়েছে।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ফখর জামানের বিরুদ্ধে লেভেল-থ্রি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে পিএসএল মৌসুমে প্রথমবার এই নিয়ম লঙ্ঘনের জন্য সর্বনিম্ন এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী দুই দিনের মধ্যে একটি শুনানি পরিচালনা করবেন এবং ফখর এই অভিযোগের বিরুদ্ধে লড়বেন।

পিএসএল খেলার শর্তাবলীর ৪১.৩ ধারা অনুসারে আম্পায়ারদের ‘ঘন ঘন এবং অনিয়মিতভাবে বল পরিদর্শন করার’ অনুমতি দেয়। খেলার শর্তাবলীতে বলা হয়েছে, দায়িত্বরত আম্পায়ারা যদি তারা সন্দেহ করেন কেউ বলের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে, তবে তারা অবিলম্বে বলটি পরিদর্শন করবেন।

অন্যদিকে ৪১.৩.৫.১ ধারা উইকেটে থাকা ব্যাটসম্যানকে বিভিন্ন মাত্রার ব্যবহৃত অন্য ছয়টি বলের মধ্য থেকে বদলি বল বেছে নেওয়ার অনুমতি দেয় এবং ৪১.৩.৫.৩ ধারায় এই শর্ত রয়েছে, যদি আম্পায়ারদের পক্ষে বলের অবস্থা পরিবর্তনের জন্য দায়ী খেলোয়াড় বা খেলোয়াড়দের শনাক্ত করা সম্ভব হওয়ার পর ব্যাটিং দল বদলি বল চায়, তবে সেই দলকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হবে।

রবিবার (২৯ মার্চ) লাহোর ১৯তম ওভার শেষে সুবিধাজনক অবস্থানে ছিল মোস্তাফিজুর রহমানের কল্যাণে। ১২৯ রানের লক্ষ্য দেওয়া দলটির শেষ দুই ওভারে ২৩ রান ডিফেন্ড করতে হত। প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করা টাইগার পেসার ১৯তম ওভারে দেন ৯ রান। পরের বলে ৬ বলে ১২ রানের বেশি দেওয়া যাবে না, শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন হারিস রউফের হাতে।

এরপরই জরিমানা গুনে লাহোর। হারিস রউফ শেষ ওভারটি করতে আসার সময় তার সঙ্গে পরামর্শ করতে যান আফ্রিদি ও ফখর জামান। ওই সময় রউফের কাছ থেকে বল নেন ফখর। দুই হাতে বলে চাপ দিতে দেখা যায় তাকে। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদির কাছে এটি বল টেম্পারিং বলে মনে হয়। ফলে ওই ৫ রান জরিমানা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহীন আফ্রিদি এ বিষয়ে নিজের অজ্ঞতার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, “আমি (বল টেম্পারিং) বিষয়ে কিছুই জানি না। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। পাঁচ রান পেনাল্টি, কিন্তু আমরা কিছু বলতে পারি না। আমরা দেখব।

অন্যদিকে ১৯তম ওভারে হাসিবুল্লাহর উইকেট পতনের পর উদযাপনের জন্য কিংসের হাসান আলিকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। তার এই কাজকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করা হয়, যা পিএসএল আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছে। এই ধারায় কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা অপমানজনক অথবা যা তার কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews