১৫ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে এসেছেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন। গত ২১ এপ্রিল সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় ‘আলিফ আলাউদ্দিন’ নামের অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। ওই দিন রাতে ইউটিউবে প্রকাশের পর গানগুলোশোনা যাচ্ছে ¯পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে। এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম। সর্বশেষ ২০১১ সালে প্রকাশিত হয়েছিল তার তৃতীয় একক অ্যালবাম ‘কল্পনাতে’। গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী এবং সংগীতশিল্পী সালমা সুলতানা দ¤পতির সন্তান আলিফ আলাউদ্দিন। নতুন অ্যালবামে বাবা ও মায়ের গানও রেখেছেন আলিফ। অ্যালবামটি সাজানো হয়েছে ছয়টি গান দিয়ে। চারটি নতুন গানের সঙ্গে আলিফের মায়ের গাওয়া দুটি গান রিমেক করা হয়েছে। সালমা সুলতানার গান দুটির শিরোনাম ‘দেখো তো আমায়’ এবং ‘কাগজ আছে কলম আছে’। কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘দেখো তো আমায়’ গানটি সুর করেছেন আইয়ুব বাচ্চু, অন্য গানটি মনিরুজ্জামান মনিরের লেখা এবং আলাউদ্দিন আলীর সুর করা। এ ছাড়া ‘বিবেক’ ও ‘কিছু মনে কোরো না’ গান দুটি লিখেছেন ও সুর করেছেন আলিফের স্বামী মিউজিশিয়ান কাজী ফয়সাল আহমেদ। ‘ক্যাফিন’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আলিফ। তার লেখা ‘প্রতিশোধ’ গানটির সুর করেছেন কাজী ফয়সাল। অ্যালবামের গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন কাজী ফয়সাল।