সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ডাকাত আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

সাব্বির আলম সুজন বলেন, ‘বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।’

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আল-আমিন বাচ্চুকে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরো জানান, অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, একটি শিংসহ হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়। পরে আটক ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরলগঞ্জ থানাধীন পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাব্বির আলম সুজন আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্য মালামালসহ আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের চলমান এ সকল কার্যকর অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার সত্ত্বেও কোস্টগার্ডের দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews