প্রশাসনের শীর্ষ পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন: জুলাইয়ের চেতনায় যুবসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, ১১টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে (গ্রেড-২) ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা নজিরবিহীন। তার দাবি, এ ধরনের দলীয়করণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দুর্নীতির পথ প্রশস্ত করবে এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করবে।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’— সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে এমন বার্তাই প্রতিফলিত হচ্ছে।

রাশেদ প্রধান আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জনগণের সঙ্গে ‘বেইমানি’ করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সজিব, আশিকুর রহমান খান, আবু নাছের, শামীম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, আল আমিন, সৌরভ দাসসহ অন্য নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews