পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফাস্ট বোলার নাসিম শাহকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট হওয়ার পর পিসিবি বলেছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্ত ও সংস্থার গণমাধ্যম নীতি লঙ্ঘন করেছেন। নাসিমের জবাব পাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে।

পিএসএলের উদ্বোধনী ম্যাচের আগে নাসিমের অ্যাকাউন্ট থেকে পিসিবির একটি পোস্ট কোট রিটুইট করে লেখা হয়, ‘কেন তাকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ কিছুক্ষণ পরেই পোস্টটি মুছে দিয়ে নাসিম দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে এই সাফাই পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।

মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তো বটেই, তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজিও। উদ্বোধনী ম্যাচে বেশ কয়েকটি গাড়ির নিরাপত্তাবহর নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন তিনি। লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের খেলোয়াড়দের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেওয়া হয়। 

পিসিবি স্পষ্ট না করলেও মনে করা হচ্ছে, পিসিবির আচরণবিধির ২.২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই ধারায় বলা আছে, বোর্ড, এর কর্মকর্তা বা স্পনসর, আইসিসি বা যেকোনো খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তার বিরুদ্ধে ‘প্রকাশ্য সমালোচনা বা অনুচিত মন্তব্য’ করা যাবে না।

পিসিবি সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত বছর অলরাউন্ডার আমির জামালকে ইমরান খানের সমর্থনে ‘৮০৪’ লেখা টুপি পরে অনুশীলনে আসার জন্য ১০ লাখ পাকিস্তানি রুপির বেশি জরিমানা করা হয়েছিল। ‘৮০৪’ হলো ইমরান খানের কারাগারের নম্বর, যা তার সমর্থকদের কাছে জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে।

আজ শনিবার পিন্ডিজের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার কথা রয়েছে নাসিমের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews