সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: জাহাঙ্গীর (২৭) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) স্থানীয় সময় সকালে রিয়াদের কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত জাহাঙ্গীর উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের বামুনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান জাহাঙ্গীর।

জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বামুনখালী গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা তার মৃত্যুতে শোকে স্তব্ধ। নিহতের পরিবারে নেমে এসেছে মারাত্মক হতাশা। তার মা-বাবা, স্ত্রী ও সন্তানরা বারবার মূর্ছা যাচ্ছেন।

নিহতের বাবা আসাদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সংসারের হাল ধরতে বিদেশ যাওয়া ছেলেটা লাশ হয়ে ফিরবে, এটা কিভাবে মেনে নেব।’

জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। লাশ দেশে পৌঁছালে বামুনখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews