নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেল ছোট ছোট তিন ভাইবোন। গতকাল সকাল পৌনে ১০টায় মুন্না (১২) আর বেলা ১টার দিকে মারা যায় মুন্নি (৭)। এর আগে, বুধবার তাদের বোন কথা (৪) এবং সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নার শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনো ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। গত ১০ মে সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. আবুল কালাম, তার স্ত্রী সালমা আক্তার। ওই দম্পতির ছেলে মুন্না, দুই মেয়ে কথা ও মুন্নি। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকালে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভিতরে আগুন জ্বলছে। পরে ভিতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বরুকদিয়ায়।