জিম্বাবুয়ে সফর শেষে হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ—দুই সংস্করণেই স্বাগতিকদের কাছে বাজে ভাবে হেরেছে টাইগাররা। আর এই ব্যর্থতার পরই নতুন করে আলোচনায় এসেছে ওয়ানডে দলের অধিনায়কত্ব।

ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে মেহেদী মিরাজকে। তার জায়গায় আবারো দায়িত্ব পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে শান্তর বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর সেই গুঞ্জন আরো জোরালো হয়েছে।

ফলে প্রশ্ন উঠেছে, ওয়ানডে দলের নেতৃত্বে কি আসছে বড় কোনো পরিবর্তন? তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অধিনায়ক পরিবর্তনের বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।

আগামী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে সিদ্ধান্ত হবে, মিরাজের ওপর আস্থা অব্যাহত রাখা হবে, নাকি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন অধিনায়ক বেছে নেয়া হবে।

বর্তমানে শুধু টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওয়ানডে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দায়িত্ব তুলে দিয়েছিলেন মিরাজের কাঁধে। নেতৃত্ব পেয়ে অবশ্য দলকে স্মরণীয় কিছু জয় এনে দিয়েছেন মিরাজ।

তবে সাম্প্রতিক সময়ে মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অলরাউন্ডার। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সেই ম্যাচে ৭০ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে।

কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা তোলে ১৪২ রান। পরে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটির পর থেকেই মিরাজের কৌশল ও নেতৃত্ব নিয়ে সমালোচনা তীব্র হয়।

তবে একটি ম্যাচ বা একটি সিরিজের ব্যর্থতায় বিসিবি নেতৃত্বে পরিবর্তন আনবে, নাকি বিশ্বকাপ পর্যন্ত মিরাজের ওপরই আস্থা রাখবে—সেই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews