ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কথা উঠলেই আমরা সাধারণত ডিটারেন্স, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র, পরমাণু ঝুঁকি—এই ধরনের কিছু পরিচিত শব্দ শুনি। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু শুধু এই ভাষায় পুরো ছবিটা বোঝা যায় না।
আসলে ইরান কীভাবে লড়ছে; আর তার চেয়েও বড় কথা কীভাবে টিকে থাকছে, তা বুঝতে হলে আমাদের একটু ভেতরে ঢুকতে হবে। ঢুকতে হবে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্বাসের জগতেও। কারণ, এই রাষ্ট্রটা কেবল একটা প্রশাসনিক কাঠামো নয়; এর ভিত তৈরি হয়েছে শিয়া ধর্মতত্ত্বের এক বিশেষ ধারণা—শহীদি আত্মত্যাগ, আর ‘পবিত্র প্রতিরোধ’–এর ওপর।
যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধ হয় গল্প দিয়ে, বিশ্বাস দিয়ে; আর মানুষকে কীভাবে বোঝানো হচ্ছে সেটা দিয়েও।